
যশোরে প্রায় সাড়ে ৩ কেজি সোনাসহ এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ২১ বিজিবি দপ্তরের এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।
আটক রিপন হোসেন (৪১) শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় স্থানীয় বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে সোনার বারসহ পাচারকারী রিপনকে আটক করা হয়। পরে উদ্ধার করা বারগুলো যশোরের এক দক্ষ জুয়েলারি দিয়ে যাচাই করে জানা যায়, সেগুলো খাঁটি সোনা ও ২৪ ক্যারেটের।
এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান গণমাধ্যমকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় তার দেওয়া তথ্য মতে, তার কাছে কৌশলে লুকানো অবস্থায় ২৬টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এর বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
তিনি আরও বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আরটিভি/আইএম



