
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার জন্য কিশোরী ওই বৃদ্ধের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করলে তিনি আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী ওই রাত নয়টার দিকে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মকবুল হোসেনের বাড়ি কিশোরীর বাড়ির পাশে। তিনি দীর্ঘদিন ধরে কিশোরীকে বিভিন্নভাবে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব ও ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তি ও তার স্বজনদের জানিয়ে সতর্ক করা হয়েছিল।
পরে বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মকবুল হোসেন কিশোরীর বাড়িতে গিয়ে তাকে কয়েকটি শ্যাম্পু দেন এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। কিশোরী এতে রাজি না হলে তাকে ধর্ষণের হুমকি দিয়ে তিনি চলে যান।
অভিযোগে আরও বলা হয়, সন্ধ্যা সাতটার দিকে কিশোরীর দাদি ঘরে নামাজ পড়ার সময় মকবুল হোসেন ওই বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি কিশোরীকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী আত্মরক্ষার জন্য ঘরের মেঝেতে পড়ে থাকা পুরোনো একটি ব্লেড দিয়ে তার যৌনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ওই ব্যক্তি আহত হয়ে চিৎকার করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে ছুটে যান।
কিশোরীর বাবা হাসমত আলী বলেন, ‘খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে রাতেই থানায় লিখিত অভিযোগ করেন।’
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে আহত মকবুল হোসেনের চিকিৎসা নেওয়ার বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে সেখানে তার চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের দাবি, তিনি লালমনিরহাট অথবা রংপুরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। তবে তার বর্তমান অবস্থান বা চিকিৎসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলে রক্তের দাগ দেখা গেছে। তবে আহত ব্যক্তির আঘাতের ধরন বা তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ‘কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরটিভি/এসএস


