
বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল চুরির পর বাসে করে ঢাকায় পালানোর সময় আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ধুনট উপজেলা শহরের ইছামতি কমপ্লেক্সের মাসুদ টেলিকমে শাটার কেটে দোকানে ঢুকে এসব মোবাইল চুরি করে চক্রটি। পরে সিএনজিচালিত অটোরিকশায় শেরপুরে গিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাসটিতে অভিযান চালায় ধুনট থানা, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।
এ সময় আটজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। সবাই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরটিভি/এসএস


