
ঢাকার আশুলিয়ায় শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ায় বিভিন্ন শিল্পকারখানায় বৈদ্যুতিক মিটার চুরি করতেন এই চক্রের সদস্যরা। তারা চুরির পাশাপাশি ঘটনাস্থলে মোবাইল নাম্বার রেখে যেতেন এবং পরে ফেরত দেওয়ার কথা বলে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। টাকা না দিলে পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে বিক্রি করে দিতেন। এ ছাড়াও বিভিন্ন শিল্পকারখানায় মিটার চুরির পর আদায় করতেন মোটা অঙ্কের টাকা। এর ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে চোরদের শনাক্ত করার কাজ করে। পরে অভিযান চালিয়ে চক্রের ২ সদস্য সবুজ মিয়া ওরফে মিটার সবুজ এবং মারুফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, সবুজ মিয়ার নামে বিভিন্ন জেলায় চুরি ছিনতাই চাঁদাবাজিসহ ১০ টি মামলা এবং মারুফ মোল্লার নামে ৬টি মামলা রয়েছে। চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মিটার উদ্ধারের কাজ করছে পুলিশ।
আরটিভি/এমএইচজে




