
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান নেতৃত্বে বনরক্ষীরা রোববার দুপুরে সুন্দরবনের নীলবাড়িয়ায় এক অভিযান চালানো হয়। এ সময় বনরক্ষীরা গাছের ডালপালা দিয়ে বানানো একটি মাচা (টং) দেখতে পায়। আগে থেকে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাচায় থাকা লোকজন সুন্দরবনের ভেতর পালিয়ে যায়। পরে তারা মাচায় তল্লাশি করে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট জব্দ করেন। এছাড়াও মাচায় চাল ডাল তৈল পেয়াজ রসুন লবণসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করেন বনরক্ষীরা। তবে বনরক্ষীরা ঘটনাস্থলের আশেপাশে সুন্দরবনের মধ্যে তল্লাশি করে কাউকে খুঁজে পায়নি।
সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফ ও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা রোববার দুপুরে নীলবাড়িয়া বনাঞ্চলে একটি মাচা (টং) ভেঙ্গে ১৪টি মোবাইল ফোন সেটসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো অজ্ঞাত পরিচয় বনদস্যুদের। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের মধ্যে পালিয়ে গেছে।
আরটিভি/এমএম


