
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কার্যক্রম আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় জীবন বাজি রেখে মাঠে নামার কথাও বলা হয়েছিল।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং এসব বার্তার সূত্র ধরেই এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’
তিনি আরও বলেন, এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশের সদরদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা জড়িত আছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত, এই দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
কীভাবে এসব বার্তার তথ্য উদঘাটিত হলো, সে বিষয়ে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোন জব্দ করা হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে মুঠোফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা মেলার পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।’
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্স অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন। এর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন রেঞ্জ ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এই ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। বর্তমানে সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।
আরটিভি/এসএস



