
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী সোহেল রানাকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পীরগঞ্জ সদর এলাকার জুয়েল মিয়া এবং সর্দারপাড়া এলাকার খোকন ও আনারুল সাগর মিয়া।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) রাত আটটার দিকে সোহেল রানা তার চাচার ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান নিয়ে সর্দারপাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পীরগঞ্জ পৌরসভার ঈদগাহ মাঠের পেছনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তারা সোহেল রানার মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে একটি বাড়িতে নিয়ে আটকে রেখে শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে জখম করেন। পরে মুঠোফোনে তার পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরে রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি পুলিশকে জানান সোহেল রানার পরিবার। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টা চালায়।
পুলিশ বলছে, অবস্থান পরিবর্তন করায় তাকে উদ্ধারে কয়েক দফা অভিযান চালানো হয়। পরে রোববার সন্ধ্যায় পীরগঞ্জ পৌরসভার বালুয়াহাট এলাকা থেকে সোহেল রানাকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) সোহেল রানা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলার নম্বর ০৪/৩৪১।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, মামলার পর গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে


