
দীর্ঘদিন মাদক সেবনের পর নিজের ভুল উপলব্ধি করে স্বেচ্ছায় থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নীলফামারীর সৈয়দপুরের শুকুর আলী নামে এক যুবক।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। এর আগে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শুকুর আলী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
শুকুর আলী সৈয়দপুর শহরের নিচু কলোনি রাইসমিল পাড়ার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন মাদকাসক্ত থাকার কারণে তার পারিবারিক ও সামাজিক জীবনে নানা সংকট তৈরি হয়। একপর্যায়ে মাদকের পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, শুকুর আলী নিজেই সৈয়দপুর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আইন অনুযায়ী সাজা দেওয়া হয়।
শুকুর আলীর বাবা জানান, ছেলের মাদকের পেছনে অর্থ জোগাতে গিয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছেলের মাদকাসক্তির কারণে পরিবারেও নানা সংকট তৈরি হয়েছে। তার দুই নাবালক নাতিও বাবার কারণে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিল। স্বামীকে মাদকের পথ থেকে ফেরাতে না পেরে তার স্ত্রীও বাবার বাড়িতে চলে যান।
শুকুর আলী বলেন, মাদক সেবনের কারণে তার পরিবারে অশান্তি তৈরি হয়েছিল। পাশাপাশি সমাজেও নানা ধরনের অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এসব বিষয় উপলব্ধি করেই আমি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। সাজা ভোগের পর আর কখনো মাদকের পথে না যাওয়ার অঙ্গীকার করেছি।
এদিকে সৈয়দপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন এবং সচেতনতামূলক সভা-সমাবেশও হচ্ছে।
স্থানীয়দের মতে, শুধু আইন প্রয়োগ নয়, মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিকভাবে গ্রহণ করার উদ্যোগও জরুরি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, কেউ নিজের ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা করা হবে।
ওসি আরও বলেন, শুকুর আলী গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন বলে জানা গেছে। মাদক সেবনের পেছনে তার প্রতিদিন প্রায় এক হাজার টাকা ব্যয় হতো বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক গ্রহণের কথাও জানা গেছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাস সাজা দেওয়া হয়েছে।
আরটিভি/এমএইচজে


