
পরিবারসহ কক্সবাজার ভ্রমণে গিয়ে পাঁচ দিন পর ফেরার পথে বাসে তল্লাশি চালিয়ে বরিশালের কেডিসি বস্তির পাঁচ মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আগের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার পাঁচজন হলেন- নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) ও আসমা বেগম (৩৩)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানান, নিলুফা বেগমের নামে ৯টি, রাসেল হাওলাদারের নামে দুটি, মো. সোহেনের নামে চারটি, মিঠু হাওলাদারের নামে দুটি এবং আসমা বেগমের নামে তিনটি মামলা রয়েছে।
জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান থেকে রক্ষা পেতে কেডিসি এলাকার মাদক কারবারিদের একটি দল প্রায় দুই লাখ টাকা খরচ করে ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজার ভ্রমণে যায়। পাঁচদিন পর সোমবার (৫ অক্টোবর) দুপুরে তারা বরিশালে ফেরে।
ফেরার পথে বিমানবন্দর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ বাসটি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ওই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে তল্লাশিতে তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পরে মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের আগের মাদক মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরটিভি/এমএইচজে




