
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামপুর ও সুয়াপুর এলাকায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা ও ভোক্তা অধিকার সুরক্ষায় এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অব্যবস্থাপনার দায়ে শ্রীরামপুর এলাকার ‘স্কয়ার হাসপাতাল’কে ৫ হাজার টাকা এবং ‘জসীমউদ্দীন খান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বৈধ লাইসেন্স না থাকা এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে সুয়াপুর এলাকার ‘সুয়াপুর ফিলিং স্টেশন’কে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রকম অবহেলা এবং সাধারণ ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করার বিষয়টি কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আবু নাসিম, সেনেটারী ইন্সপেক্টর মো. শওকত হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরটিভি/এমএম



