
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়েছেন দুই বাংলাদেশি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের একটি কাঁঠালবাগান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার উত্তম কুমার দেবনাথ (৫৩) এবং চাঁদপুর সদর উপজেলার গুয়াখোলা রোড এলাকার অরুন কুমার পাল (৪৯)।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপিতে দায়িত্ব পালনকালে হাবিলদার পীযুশ কান্তি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে দুই ব্যক্তি ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল দ্রুত বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে গ্রামের আসাদুলের কাঁঠালবাগানে ওই দুই ব্যক্তির অবস্থান শনাক্ত করেন বিজিবি সদস্যরা। পরে সেখান থেকে উত্তম কুমার দেবনাথ ও অরুন কুমার পালকে আটক করা হয়।
বিজিবির দাবি, আটক দুজন সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, কী উদ্দেশ্যে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন কিংবা এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটক দুজনকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলাও করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরটিভি/এসএইচএম


