
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন উচ্চ বিদ্যালয়ে শনিবার দিনব্যাপী অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বাল্যবিবাহ, মাদকমুক্ত, মোবাইল থেকে দুর রাখতে সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি মো. শাহানশাহ তালুকদারের সভাপতিত্বে এই অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর, তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ, অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান নিরব প্রমূখ।
আরটিভি/এমএইচজে



