
সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ফরিদপুরের সদরপুরে অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠান। এ আয়োজনের মধ্য দিয়ে বাংলা সাহিত্য পত্রিকা কল্পলোক-এর পঞ্চম এবং ইংরেজি সাহিত্য সাময়িকী দি ক্রিয়েটিভ মাইন্ড-এর দ্বিতীয় প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সদরপুর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও সমাজে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন অতিথিরা।
সুজন সদরপুর শাখার সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রেজভী জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন সদরপুর শাখার সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান আজাদ এবং সাহিত্য পত্রিকা দুটির সম্পাদক এন. ইউ. প্রিন্স।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও লোকগবেষক সৈয়দ জাহিদ হাসান, সদরপুর শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু, সাহিত্য পরিষদের সভাপতি করিম রেজা বাবু (গাংচিল বাবু), উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য আজহার মিয়া, সুজন ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান এবং ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম তার সাহিত্য ও সংগীতের মাধ্যমে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার সৃষ্টিতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের কাছেও সমান গুরুত্বপূর্ণ। এসব আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নজরুলের সাহিত্য পাঠ ও জীবনদর্শন চর্চার পরিসর বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, সাহিত্য সাময়িকী নতুন লেখকদের নিজেদের চিন্তা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেয়। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি সাহিত্যচর্চার বিকাশেও এ ধরনের প্রকাশনার ভূমিকা রয়েছে। কল্পলোক ও দি ক্রিয়েটিভ মাইন্ড-এর নতুন সংখ্যা লেখক-পাঠকের মধ্যে সাহিত্যভিত্তিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নবীন প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নজরুলের সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজে মননশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আয়োজকেরাও ভবিষ্যতে সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় জানান।
আরটিভি/এমএইচজে



