
প্রধানমন্ত্রী দুর্গাপূজার বরাদ্দ এবং ছুটি বাড়িয়েছেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটির শ্রী শ্রী রক্ষাকালী কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা জানান। পরে তিনি মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ফারুক আহমেদ সাব্বির, নন্দিতা দাশসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
রাঙ্গামাটিতে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে প্রতিমন্ত্রী মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে বর্তমান বিএনপি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের জন্য সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে চার কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী সেই বরাদ্দ বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটিও একদিন বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে, সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করবে। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি রংধনুর মতো বৈচিত্র্যময়, সম্প্রীতিপূর্ণ জাতি গঠনের যে স্বপ্ন আমরা দেখি, এসব উদ্যোগ তারই অংশ।
আরটিভি/এমএইচজে




