
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, শৈলকুপাসহ সারা দেশে আমরা তথাকথিত মব জাস্টিস বন্ধ করেছি। যারা ভিন্নমতের আছে তাদের বিরুদ্ধে মব জাস্টিস করার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ১৭ বছরে যে লুটপাট হয়েছে, যে অন্যায় হয়েছে, আমাদের প্রথম দিনের শপথ ছিল সব লুটপাট, সব অন্যায়, সব সন্ত্রাসীর বিরুদ্ধে আইনসঙ্গতভাবে ব্যবস্থা নেব। আমরা নিজেরা আইন নিজের হাতে তুলে নেব না। সেই থেকে আজ পর্যন্ত শান্ত পরিবেশ নিশ্চিত করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি।
নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হতো জানিয়ে মন্ত্রী বলেন, আগে টাকার বিনিময়ে নিয়োগ হতো। আমরা সেটা বন্ধ করেছি। এখানে যে শ্রম দিতে পারবে, যার দক্ষতা আছে, আমরা তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, আপনারা বিশ্বাস রাখবেন মন্ত্রীর নামে যে বরাদ্দ আসবে, তার প্রত্যেকটা পাই-পয়সা বুঝিয়ে দেওয়া হবে। এখানে (শৈলকুপায়) আমার কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ আনতে পারবে না। আমাদের দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িতও নয়।
শৈলকূপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।
সভায় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
আরটিভি/এসকে




