
বিএনপির নাম ভাঙিয়ে চলা চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত কিছু ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই। মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাদের কারণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।
মো. আসাদুজ্জামান আরও বলেন, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত কিছু ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে দলটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। বিগত ১৭ বছরেও তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিলেন। বিএনপিতে এ ধরনের ব্যক্তিদের প্রয়োজন নেই।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এসএইচএম



