
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলাম (২৬) বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনাটি জানাজানি হয় বুধবার (২১ অক্টোবর)।
তানভীরুল ইসলাম এনসিপির বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্যসচিব এবং চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। গুলির ক্ষত থেকে দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণা ভোগ করছিলেন তিনি। ক্ষতস্থানে মাঝেমধ্যে সংক্রমণ দেখা দেওয়ায় তাকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন তার সহকর্মীরা।
চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মইনুদ্দিন গণমাধ্যমকে জানান, তানভীরুল ইসলাম জুলাই আন্দোলনে আহত হিসেবে তালিকাভুক্ত ছিলেন। আন্দোলনের সময় গুলি তার কোমরের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে সৃষ্ট ক্ষত থেকে তিনি দীর্ঘদিন ধরে যন্ত্রণায় ভুগছিলেন। ক্ষতস্থানে সংক্রমণ দেখা দেওয়ায় তাকে নিয়মিত চিকিৎসা নিতে হতো।
নিহত তানভীরুল ইসলাম কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামের মো. আবু ইউসুফ ও তাসলিমা বেগমের ছেলে। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে তানভীরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এসকে


