ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

নওগাঁয় শেখ হাসিনার ফেরার বার্তায় মাইকিং, গ্রেপ্তার ১

​নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি : আরটিভি

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের তারিখ ঘোষণার বার্তা দিয়ে মাইকিং করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড়ের পূর্ব পাশের ছোট মুল্লুক এলাকায় সম্প্রতি একটি টমটম অটোরিকশা নিয়ে এ প্রচারণা চালানো হয়। মাইকিংয়ে ঘোষণা করা হয়, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হলে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত দলীয় ঐক্য বজায় রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়।

​প্রচারণায় ব্যবহৃত বারতায় এই কার্যক্রমের পেছনে সাবেক ছাত্র ও যুবনেতা মো. আসলাম টিপুর সমর্থক গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে। বার্তায় আসলাম টিপুকে একাধিক রাজনৈতিক মামলার আসামি ও সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা হিসেবে পরিচয় দেওয়া হয়।

​সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসলাম টিপুর সমর্থক গোষ্ঠী’ নামে একটি পেজ বা অ্যাকাউন্টে মাইকিংয়ের ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে প্রচারিত ভিডিওটির প্রকাশের সঠিক সময় ও সংশ্লিষ্টদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

​এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। মান্দা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। তবে অভিযান চলমান থাকায় গ্রেপ্তাকৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলের। পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী
ফরিদপুরের মধুখালীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এক অ্যাম্বুলেন্সের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী। 
ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী
আবাসিক হোটেল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার, ম্যানেজার গ্রেপ্তার
শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে স্কুলশিক্ষক আবুল বাশারের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হোটেলটির ম্যানেজার আতাউর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির। এর আগে বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতাউর রহমান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছালেহ আহম্মেদের ছেলে। তিনি ওই আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিহত আবুল বাশার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দেউলিয়াবাড়ি এলাকার মৃত জনাব আলী তালুকদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এসআরবি জানায়, মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা থানা-সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাশার নামে এক স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ওই দিন ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আবাসিক হোটেলের ম্যানেজার আতাউর রহমানকে প্রধান আসামি করা হয়। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-৮। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন, ভেদরগঞ্জে স্কুলশিক্ষক আবুল বাশার হত্যা মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় আবুল বাশারের পূর্বপুরুষদের বাড়ি। সেখানে বেড়াতে এসে রোববার রাতে তিনি স্ত্রীকে সর্বশেষ মুঠোফোনে কল করেন। এ সময় এক বন্ধুর বাসায় থাকার কথা জানান তিনি। এরপর তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সোমবার তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্ত্রীকে কল করে আহত হওয়ার কথা জানানো হয়। প্রথমে দুই হাজার টাকা এবং পরে একটি রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি কালিয়াকৈর থানায় জানানো হলে পুলিশ মুঠোফোনের অবস্থান শনাক্ত করে ভেদরগঞ্জে তার অবস্থান সম্পর্কে জানতে পারে। পরে পরিবারের সদস্যরা ভেদরগঞ্জ থানায় আসেন। পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে আবাসিক হোটেল থেকে আবুল বাশারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আরটিভি/টিআর
আবাসিক হোটেল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার, ম্যানেজার গ্রেপ্তার
‘পাহাড়কে অশান্ত করে রাজনৈতিক সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না’
পাহাড়কে অশান্ত করে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি এবং রাজনৈতিক সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় বাংলাদেশের। পার্বত্য অঞ্চল নিয়ে প্রতিবেশী কয়েকটি দেশ বছরের পর বছর ষড়যন্ত্র করছে। পাহাড়ের কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিবেশী দেশগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এ বিষয়ে সোচ্চার রয়েছে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে। বিরোধী দল ঘোষিত খুলনা বিভাগের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, জামায়াত-এনসিপি জোটের লংমার্চ এর আগেও সফল হয়নি। খুলনা বিভাগের লংমার্চও সফল হওয়ার সম্ভাবনা নেই। আরটিভি/টিআর
‘পাহাড়কে অশান্ত করে রাজনৈতিক সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না’
৪২ বাইসাইকেল ও অটোরিকশাসহ গ্রেপ্তার ২
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ভাড়া নেওয়া একটি গোডাউন থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
৪২ বাইসাইকেল ও অটোরিকশাসহ গ্রেপ্তার ২
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসে নেই ডুবুরি দল-স্পিডবোট, অ্যাম্বুলেন্সও নেই
দক্ষিণাঞ্চলের নদীবেষ্টিত উপজেলা পিরোজপুরের মঠবাড়িয়া। উপজেলার অন্যতম নদী বলেশ্বর। নদী একদিকে যেমন উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়েছে, অন্যদিকে বিভিন্ন দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে তা হয়ে উঠেছে বড় বাধা। ফলে প্রতিনিয়তই নদীতে দুর্ঘটনা ও পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। তবে এসব দুর্ঘটনায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য উপজেলার ফায়ার সার্ভিস ইউনিটে নেই নিজস্ব ডুবুরি দল, স্পিডবোট কিংবা অ্যাম্বুলেন্স। ফলে নদী কিংবা খালে যেকোনো নৌযান দুর্ঘটনার পর উদ্ধারকাজে বরিশাল থেকে ডুবুরি দল আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। জেলার সাতটি ফায়ার সার্ভিস স্টেশন ‘ক’ শ্রেণির অন্তর্ভুক্ত নয়। ফলে ‘ক’ শ্রেণির ফায়ার সার্ভিস স্টেশনে থাকা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। এ ছাড়া প্রশিক্ষিত ডুবুরি দল ও আধুনিক উদ্ধার সরঞ্জাম না থাকায় প্রায়ই বিলম্বিত হচ্ছে উদ্ধার অভিযান। এতে একদিকে স্বজনদের আহাজারি দীর্ঘ হচ্ছে, অন্যদিকে বাড়ছে প্রাণহানির ঝুঁকি ও উদ্ধারকর্মীদের ভোগান্তি। নদীবেষ্টিত এ উপজেলায় দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযান নিশ্চিত করতে আধুনিক সরঞ্জামসংবলিত ফায়ার সার্ভিস ইউনিটের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বহুতল ভবনে আগুন নেভানো ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি বলেশ্বর নদীর তীরে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি তাদের। তাদের মতে, নদীর তীরবর্তী এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা সম্ভব হবে। এতে জানমালের ক্ষয়ক্ষতিও কমানো যাবে। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলায় অনেক নদী ও খাল রয়েছে। এসব নদ-নদীতে দুর্ঘটনা ঘটলে বরিশাল থেকে ডুবুরি দল আনতে হয়। ফলে সময়মতো উদ্ধারকাজ শুরু করা যায় না। শুধু তা-ই নয়, নৌদুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিক উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক স্পিডবোটও নেই। ফলে নিখোঁজের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিও বাড়ছে। স্থানীয় ব্যবসায়ী তানভীর হাসান বলেন, এখানে নদ-নদী ও খাল-বিলের সংখ্যা বেশি। প্রায়ই নদী ও খালে ডুবে মানুষ নিখোঁজ হন। বরিশাল থেকে ডুবুরি দল আসতে আসতে অনেকেই মারা যান। ফায়ার সার্ভিস স্টেশনগুলো আধুনিকায়ন করা হয়নি। এখানে ডুবুরি দল, স্পিডবোট ও অ্যাম্বুলেন্স খুবই জরুরি। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, প্রতি শনিবার গণসংযোগ এবং রবিবার মহড়া পরিচালনা করি, যাতে মানুষ অগ্নিকাণ্ডের বিষয়ে সচেতন থাকেন। আমাদের স্টেশনে একটি অ্যাম্বুলেন্স প্রয়োজন। এখানে ২৩ জন জনবল রয়েছেন, যাঁরা সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকেন। এ ছাড়া স্থানীয়দের পক্ষ থেকে বলেশ্বর নদীর পাড়ে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানানো হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস স্টেশন চালু করা গেলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আরটিভি/টিআর
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসে নেই ডুবুরি দল-স্পিডবোট, অ্যাম্বুলেন্সও নেই
আরও পড়ুন
মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার
পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর যা ঘটল
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী