
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাসিন্দা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের কনস্টেবল মো. পারভেজ রানা (৩৫)।
টানা ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত পারভেজ রানা সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল করিম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ১২৭১৯ এবং বিপি নম্বর ৯৫১৫১৭৪৫২০।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার অকালমৃত্যুর খবরে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবারের সদস্যরা। স্থানীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরটিভি/এমএইচজে




