
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে বিশেষভাবে তৈরি মশা (কৃত্রিম মশা) ব্যবহারে মিলেছে বড় সাফল্য। ব্রাজিলে চালানো এক গবেষণায় দেখা গেছে, বিশেষ ব্যাকটেরিয়াবাহী মশার বসবাস রয়েছে এমন এলাকায় শিশুদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার হার প্রায় ৬৯ শতাংশ কমেছে।
শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, শনিবার (২১ নভেম্বর) গবেষকেরা এ তথ্য প্রকাশ করেন। ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে চার বছর ধরে ৫ হাজার ৭০০-এর বেশি শিশুর ওপর গবেষণাটি চালানো হয়। এতে দেখা গেছে, ২০২৪ সালে দেশটিতে ডেঙ্গুর বড় প্রাদুর্ভাবের সময়ও সংক্রমণ কমানোর এই সাফল্য বজায় ছিল।
গবেষকেরা মশার শরীরে ‘উলবাকিয়া’ নামের এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করেছেন। এটি মানুষের জন্য ক্ষতিকর নয়, তবে মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ভাইরাস ছড়ানোর ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয়। বিশেষভাবে তৈরি এসব মশা কোনো এলাকায় ছেড়ে দিলে ধীরে ধীরে স্থানীয় মশার মধ্যেও ব্যাকটেরিয়াটি ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, কীটনাশক ব্যবহারের পাশাপাশি এই পদ্ধতি অনুসরণ করলে মশাবাহিত রোগের সংক্রমণ আরও কমানো সম্ভব।
আরটিভি/জেএমএ


