বরিশালের উজিরপুরে যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলায় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাঞ্চন মোল্লাকে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি করা হয়েছে। এদিকে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।
রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে বহিষ্কারের বিষয়ে মো. কাঞ্চন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আসামি কাঞ্চন মোল্লার বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, শুধু ৬নং আসামি নয়, পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদারকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ড ঘটিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহয়তায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লজা এলাকায় মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এদিন নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আরটিভি/টিআর


