
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩ লাভ টাকা মূল্যের হেরোইনসহ মো. গোলাম রসুল (৪৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ধামরাই দক্ষিণপাড়া এলাকার জাবেদ মিয়ার ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোলাম রসুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত গোলাম রসুল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর তেররশিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ধামরাই পৌর এলাকায় ভাড়া বাসায় থেকে মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
অভিযানের বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ধামরাই অঞ্চলকে মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান চলছে। গোলাম রসুল একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ধামরাই ও এর আশেপাশে সরবরাহ করত। ধামরাইকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে ডিবি পুলিশের এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আরটিভি/এমএইচজে



