
বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় আঞ্চলিক মহাসড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব আরটিভির এ তালগাছ রোপণ কর্মসূচিকে স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান তার বক্তব্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন উদাহরণ উপস্থাপন করেন। এ ছাড়া মির্জাপুর মহাশ্মশান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরটিভির বার্তাপ্রধান ইলিয়াস হোসেন।

সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক ও আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে যশোপল্লী মহাশ্মশান কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আরটিভির এ ব্যতিক্রমধর্মী উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সড়কের দুই পাশে আরও ৫০০টি তালগাছের চারা রোপণের ঘোষণা দেওয়া হয়।
আরটিভি/ এসকেডি


