
সাতক্ষীরার কালিগঞ্জে ১০ বছর বয়সী মাদরাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে অশালীন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে মো. রাকিবুল ইসলাম (২৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
অভিযুক্ত রাকিবুল উপজেলার মৌতলা গ্রামের বাসিন্দা এবং কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর মহিউসসুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক রাকিবুল ইসলাম বিভিন্ন সময়ে শিশুটিকে মাদরাসার সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে সিঁড়ির নিচে নিয়ে নিজের গোপন অঙ্গে তেল মালিশ করানোর জন্য চাপ প্রয়োগ করতেন। এতে অসম্মতি জানালে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাকে বাধ্য করা হতো।
অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর ফজরের নামাজের সময় অন্য শিক্ষার্থীরা চলে গেলে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে একা আটকে রেখে সিঁড়ির নিচে নিয়ে একই কাজ করান। পরে শিশুটি বিষয়টি কয়েকজন সহপাঠীকে জানায়। গত ২০ নভেম্বর বিকেলে ঘটনাটি মাদরাসা কর্তৃপক্ষের মধ্যে জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক দ্রুত মাদরাসা ত্যাগ করেন।
শিশুটির বাবা জানান, তার ছেলে অশালীন কাজে বাধ্য করার বিষয়টি তাকে জানানোর পর তিনি মাদরাসার শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানের সুনাম রক্ষার অজুহাতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে অন্য শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারেন, এর আগেও একাধিক শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে। সেসব ঘটনাও শিক্ষকরা গোপন করেছিলেন।
তিনি বলেন, ‘আগে এসব ঘটনার প্রতিবাদ হলে হয়ত আজ আমার সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটত না। আমি একজন বাবা হিসেবে চাই না, আমার সন্তানের মতো অন্য কোনো শিশু এমন পরিস্থিতির শিকার হোক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মাদরাসার প্রধান হাফেজ মো. ইউনুছ আলী বলেন, শিক্ষকের বিরুদ্ধে এমন ঘটনার অভিযোগ শুনে আমি মর্মাহত। মাদরাসা পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রেজা বলেন, বিষয়টি জানার পর কমিটির সদস্যরা বৈঠক করেছেন এবং সিসিটিভি ফুটেজ দেখেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য তারা চেষ্টা করছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


