
বিএনপির নাম ভাঙিয়ে একদল লোক বাজারে চাঁদাবাজি, মাদক ব্যবসা করছে। স্কুলের লাইব্রেরি দখল করে ক্লাব বানিয়েছে। ক্লাবের নামে তারা সেখানে মাদক বিক্রি করছে বলেছেন ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেকমত উল্লাহ কনক মণ্ডল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনার ঈশ্বরদীতে সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজারে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এতে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি- পেশার দেড় শতাধিক নারী- পুরুষ অংশ নেন।
মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেকমত উল্লাহ কনক মণ্ডল, যুবদল নেতা আতাউর রহমান, মনোয়ার হোসেন মনির, সাজেদুল হোসেন, আকরাম হোসেন ও জাকারিয়া সেন্টু, মহিলা দলের নেত্রী আনজু খাতুন ও রনিফা বেগম, ছাত্রদল নেতা প্রিন্স মাহমুদ, তহিদুল ইসলাম, সাব্বির হোসেন ও জয় ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
হেকমত উল্লাহ কনক মণ্ডল বলেন, অবৈধভাবে বেশ কয়েকটি দোকান তুলে জায়গা দখল করে আছে। বাজারের জায়গা দখল করে অফিস নির্মাণ করেছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবের নামে তারা নানা অপপ্রচার চালাচ্ছে।
আতাউর রহমান বলেন, আমাদের ইউনিয়ন খুব শান্তিপূর্ণ একটা জায়গা ছিল। কিন্তু কিছু কূচক্র, সন্ত্রাসী, চাঁদাবাজি করে। মাদক ব্যবসা করে। গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে আমাদের এলাকার শান্তি নষ্ট হয়ে গেছে। এ কারণে আমরা মানববন্ধন করছি। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দ্যেশ্য করে তারা অশালীন বক্তব্য দেয়। মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে এবং গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করা হচ্ছে।
অবিলম্বে এসব মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান মানববন্ধনের বক্তারা।
আরটিভি/এমএম


