
গাজীপুরের শ্রীপুরে চার দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছে পোশাক শ্রমিকেরা। তারা শ্রীপুর পৌরসভার মহাসড়কের আনসার রোড, গিলারচালা (আসপাডা) এবং গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। বেলা ১১টার মধ্যে শ্রীপুর পৌরসভা এলাকার ১২টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত ওইসব এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করে।
শ্রমিক ও স্থানীয়রা জানায়, গিলারচালা (আসপাডা) এলাকার ভিনটেজ ডেনিম লিমিটেডের এক নারী শ্রমিক রোববারের ঘটনায় পায়ে আঘাত পেয়ে আহত হন। ওই নারী শ্রমিক কেন আঘাত পেলেন —এ দাবিতে তারা কারখানা অভ্যন্তরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করে। পরে কর্তৃপক্ষ সকাল সাড়ে ১০টার দিকে কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা মহাসড়কে গিয়ে জড়ো হয়। এ খবরে পাশের মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানা ছুটি দেয়। পরে একে একে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কের ইউনিলেন্স, সাসটেইনেবল ওয়াশিং প্লান্ট, মেঘনা ডেনিম লিমিটেড, আমান টেক্সটাইল মিলস লিমিটেড, রাতুল অ্যাপারেলস লিমিটেড, ফখরুদ্দিন গার্মেন্টস, হ্যামস গার্মেন্টস, ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টর ইন্টিমেন্টস লিমিটেড ও ক্রিস্টাল গার্মেন্টস লিমিটেড কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট কারখানায় বাইরে থেকে শ্রমিকরা আক্রমণ করলে কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়।
পরে শ্রমিকরা বের হয়ে ৪-৫টি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড, আসপাডা ও মাস্টারবাড়ী এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি যৌথভাবে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আতংকে প্রায় আধা ঘণ্টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেলা সাড়ে ১১টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
আরটিভি/এসএস


