
ঢাকার ধামরাইয়ে সমীরুদ্দীন নামে এক বাক প্রতিবন্ধী যুবকের বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার পর প্রতিবেশীরা দ্রুত ছুটে গিয়ে ঘরের বেড়া ভেঙে আটকে পড়া মা ও বোনকে এবং পরবর্তীতে তালা ভেঙে সমীরুদ্দীন ও তার স্ত্রী-সন্তানকে উদ্ধার করেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ফায়ার স্টেশন কর্মকর্তা আলামিন খান।
এর আগে রোববার (১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার খাতরা দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি, শত্রুতার জেরে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে এই আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টা ৩৫ মিনিটের দিকে খাতরা দক্ষিণপাড়া এলাকার ওই দুই কক্ষের বসতবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সমীরুদ্দীন তার স্ত্রী ও সন্তান নিয়ে এক ঘরে এবং পাশের ঘরে তার মা ও বোন থাকতেন। ঘটনার সময় দুটি ঘরের দরজাই বাইরে থেকে তালাবদ্ধ ছিল। আগুন লাগার পর সমীরুদ্দীনের মা ও বোনের ঘরে প্রথমে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে প্রথমে বেড়া ভেঙে সমীরুদ্দীনের মা ও বাকপ্রতিবন্ধী বোনকে অক্ষত অবস্থায় বের করেন। পরবর্তীতে সমীরুদ্দীনের ঘরের তালা ভেঙে তাকে এবং তার স্ত্রী-সন্তানকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী সমীরুদ্দীন ও তার মা দুজনেই স্পষ্ট কথা বলতে পারেন না, কিছুটা ভেঙে ভেঙে কথা বলেন। তারা অভিযোগ করে জানান, কে বা কারা শত্রুতা করে গভীর রাতে তাদের দুটি ঘরের দরজায় বাইরে থেকে তালা আটকে আগুন ধরিয়ে দেয়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন খান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি কোনো নাশকতামূলক কর্মকাণ্ড নাকি দুর্ঘটনা, তা তদন্ত সাপেক্ষ। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
আরটিভি/এমএইচজে


