
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
সোমবার (২ নভেম্বর) গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ ও অস্থিরতার মধ্যে শ্রমিকদের খোঁজখবর নিতে এবং তাদের সমস্যা ও দাবির কথা সরাসরি শুনতে বিভিন্ন গার্মেন্টস কারখানা পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মজুরি নিশ্চিত করতে বদ্ধপরিকর। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
এ সময় শ্রমিকদের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে ফজলুল হক মিলন বলেন, কোনো ধরনের উসকানি, গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত হওয়া যাবে না। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে আলোচনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরসহ দেশের কয়েকটি শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। সোমবার সকালেও গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের বেশ কিছু কারখানায় সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।
আরটিভি/এমএইচজে


