
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলমান অসন্তোষের মধ্যে আজও (৫ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।
এ ছাড়া সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এবং নিরাপত্তাশঙ্কায় আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে পুরো শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে শিল্পাঞ্চলের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরটিভি/এসএস


