
বিগত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জনগণের সম্পদ লুটপাট করেছে এবং সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে যারা জনগণের অধিকার হরণ করেছে, তাদের কোনোভাবেই দায়মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি আরও বলেন, অতীতে যত অন্যায় ও অপকর্ম করা হয়েছে, প্রতিটি অন্যায়ের বিচার এই বাংলার মাটিতেই হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ লুণ্ঠন, জনগণের সঙ্গে প্রতারণা এবং মানুষের ওপর নির্যাতনের জন্য প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ-অসহায়, অসুস্থ ও গৃহহীন ব্যক্তি এবং সাত ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমাদের চুপচাপ ও শান্তিপূর্ণ অবস্থান দেখে কেউ যেন মনে না করেন, এ দেশের মানুষ আপনাদের অতীত কর্মকাণ্ড ভুলে গেছে। জনগণ সবকিছু মনে রেখেছে। এমনকি আপনারা যদি জনগণের কাছে দুই হাত তুলে, করজোড়ে ক্ষমা চাইতেন, তাহলেও জনগণ বিবেচনা করত আপনাদের ক্ষমা করা যায় কি না। তাই আরেকটি জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, দয়া করে আস্ফালন করবেন না, উসকানিমূলক বক্তব্য দেবেন না এবং জনগণকে বিপথগামী করার চেষ্টা করবেন না। দেশের মানুষ এখন শান্তি ও স্থিতিশীলতা চায়। জনগণের আবেগ ও ধৈর্যকে দুর্বলতা মনে করার কোনো কারণ নেই। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেস এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, মুক্তি মাহফুজসহ অনেকে।
আরটিভি/টিআর



