
বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকায় পাহাড়ি ঝিরিতে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে স্থানীয় এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সকালে কসাইপাড়ার পাহাড়ি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শরীফ জেলা শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। ঝিরিতে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
এদিকে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জেলা শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরটিভি/টিআর




