
বান্দরবানের আলীকদম উপজেলায় গ্রামীণ সড়ক সংস্কারের একটি প্রকল্পে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পের সভাপতি রেহেনা বেগমের নামে বরাদ্দের টাকা ছাড় করা হয়েছে। কিন্তু তার দাবি, প্রকল্পের কাজের সময় তিনি ঘটনাস্থলে যাননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম নিজেই কাজটি বাস্তবায়ন করেছেন এবং তার নামে বিল তুলেছেন।
অন্যদিকে প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য পিআইও কার্যালয় থেকে ভুয়া মাস্টাররোল তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রকল্পের সাইনবোর্ডে দেওয়া তথ্য অনুযায়ী, ‘থানচি সড়ক হতে রেংরই মেম্বার পাড়ার অভিমুখে রাস্তা সংস্কার’ শীর্ষক প্রকল্পে ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের ধরন হিসেবে উল্লেখ রয়েছে কাবিটা-টাকা, নির্বাচনি প্রথম পর্যায়। প্রকল্পের সভাপতি হিসেবে সাইনবোর্ডে রেহেনা বেগমের নাম রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরাদ্দের অর্থ তার নামেই ছাড় করা হয়েছে।
রেহেনা বেগম বলেন, ‘প্রকল্পের কাজের সময় আমি প্রকল্পস্থলে যাইনি। তবে পিআইও সাহেব নিজে কাজটি বাস্তবায়ন করেছেন এবং আমার নামে বিল তুলেছেন।’ প্রকল্পের কাজ বাস্তবে হয়েছে কিনা, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রশ্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দা মেনকাত ম্রো বলেন, ‘ওই প্রকল্পের কোনো কাজ আমরা হতে দেখিনি। দুর্গম পাহাড়ে এ ধরনের প্রকল্প দিয়ে সরকারি লোকজন টাকা চুরি করে খেয়ে ফেলেন। এটিও এ ধরনের একটি প্রকল্প।’
এদিকে প্রকল্পের নাম নিয়েও আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য রেংরই ম্রো। তার ভাষ্য, প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘রেংরই মেম্বার পাড়ার অভিমুখে রাস্তা সংস্কার’। কিন্তু তার নামে কোনো পাড়া নেই। তার পাড়ার নাম মেনকেউ ম্রো পাড়া। গত অর্থবছরে তার পাড়ার চলাচলের রাস্তা সংস্কারে কোনো কাজ হয়নি বলেও দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে পিআইও নজরুল ইসলাম জানান, বিল দেওয়ার আগে তিনি প্রকল্পের কাজ তদন্ত করেছেন। এরপরই বিল ছাড় করেছেন। তবে প্রকল্পের সভাপতি কাজের সময় ঘটনাস্থলে না যাওয়ার দাবি করেছেন এবং স্থানীয় বাসিন্দারা কোনো কাজ হতে দেখেননি বলে জানিয়েছেন- এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ না হয়ে থাকলে আমি তদন্তে যাব।’
অন্যদিকে প্রকল্প বাস্তবায়নের মাস্টাররোল ভুয়া বলে অভিযোগ উঠেছে পিআইও কার্যালয়ের বিরুদ্ধে। সরকারি প্রকল্পে শ্রমিকের উপস্থিতি, কাজের বিবরণ ও ব্যয়ের হিসাব যাচাইয়ের গুরুত্বপূর্ণ নথি হলো মাস্টাররোল। এ নথি প্রকৃত কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা যাচাই করা হলে প্রকল্পের বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
স্থানীয়দের অভিযোগ, গত অর্থবছরেও আলীকদমে এ ধরনের একাধিক প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়মে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পিআইও নজরুল ইসলাম পরস্পর যোগসাজশে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দুর্বলতা ও তদারকির ঘাটতির সুযোগ নিয়ে প্রকল্পের অর্থের অপব্যবহার করা হচ্ছে বলে তাদের দাবি।
তবে এসব অভিযোগের বিষয়ে সাবেক ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকল্পের বরাদ্দ ছাড়, বিল-ভাউচার, মাস্টাররোল, পরিদর্শন প্রতিবেদন ও কাজ সমাপ্তির সনদ যাচাই করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। প্রকল্পের কাজ না হয়ে থাকলে অর্থ কীভাবে ছাড় হলো এবং কারা এর জন্য দায়ী, তা প্রকাশের দাবি জানিয়েছেন তারা। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরটিভি/এমএইচজে




