
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে থাকা আহত চিত্রা হরিণ উদ্ধার ও চিকিৎসা শেষে নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করেছে কোস্ট গার্ড।
সোমবার (৯ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাগেরহাটের মোংলায় সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিদের পেতে রাখা ফাঁদে একটি হরিণ আটকা পড়ে। বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসলে ৯ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করে শিকারির পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বিকালে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আরটিভি/এসকে


