
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নার্স দিয়ে ডেলিভারি করানোর সময় গর্ভের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রসূতিকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নাসিক ১নং ওয়ার্ডের মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর মা সুরমা আক্তার (১৯) কিশোরগঞ্জের আনিসুর রহমানের স্ত্রী। তারা নাসিক ১নং ওয়ার্ডের ধনুহাচজি রোডে মানিক টাওয়ারে ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, গর্ভধারণের শুরু থেকেই হাসপাতালটিতে চিকিৎসাসেবা গ্রহণ করছিলেন সুরমা আক্তার। মঙ্গলবার রাতে তীব্র ব্যথা অনুভব হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ইমার্জেন্সি ডেলিভারির কথা জানিয়ে তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। কিছুসময় পর একটি শিশু স্বাভাবিকভাবে জন্ম নেয়। পরবর্তীতে দ্বিতীয় সন্তানের জন্য নার্সরা চেষ্টা করলে প্রসূতি তীব্র ব্যথা অনুভব করলে তাকে ইনজেকশন দেওয়া হয়। এ সময় তার অবস্থার অবনতি হলে সাইনবোর্ডের প্রো অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা গর্ভের আরেকটি শিশুকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় প্রসূতি সুরমা আক্তারকে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের সিসিইউতে ভর্তি করা হয়।
এদিকে ভুল চিকিৎসার বিষয়টি জেনে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে গিয়ে ম্যানেজারকে মারধর করেন।
সুরমার শ্বশুর বলেন, ডাক্তার না এনে নার্স দিয়ে চিকিৎসা করানোয় আমাদের নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের ম্যানেজার মাসুদ বলেন, চিকিৎসাকালীন রোগীর অবস্থা ভালো ছিল। আমরা ভেবেছিলাম দ্বিতীয় শিশুটিও নরমালে হয়ে যাবে। যে কারণে দ্বিতীয় সন্তানের সময়ে আমরা ডাক্তারকে আসতে নিষেধ করেছিলাম।
আরটিভি/এমএইচজে


