
চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী দুই জমজ কন্যাশিশুসহ তাদের পিতা জাহেদুল ইসলামের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহেদুল ইসলাম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাসিন্দা। তিনি বাঁশখালীর সাবেক উপজেলা বাসিন্দা। জাহেদুল দীর্ঘদিন প্রবাসী ছিলেন।
পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, বিকেল ৩টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জমজ শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি জাহেদুল ইসলামের সঙ্গে পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের মেয়ে আফিয়া সোলতানার বিয়ে হয়। তাদের সংসারে সাত মাস আগে জমজ দুই কন্যাসন্তানের জন্ম হয়। জাহেদুলের এটি দ্বিতীয় বিয়ে ছিল।
জাহেদুলের স্ত্রী আফিয়া সোলতানা জানান, শুক্রবার একটি মানত পালন করতে তিনি সন্তানদের বাড়িতে রেখে নাপোড়ার ভিলেজারপাড়া এলাকার মসজিদে যান। পরে ঘটনার খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন। তার ভাষ্য অনুযায়ী, দুই শিশুর মুখে ফেনা ছিল এবং তার স্বামীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, দুই জমজ শিশুসহ তাদের পিতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
আরটিভি/ এসকেডি



