ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দেশের জ্বালানি সংকট ও সমাধানের পথ নিয়ে চবি শিক্ষার্থীদের কর্মশালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ,আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের চলমান জ্বালানি সংকট, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও সংকট সমাধানে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব বিষয়ে আলোচনা হয়। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ক্যাব যুব সংসদ ও ক্যাব যুব গ্রুপের চবি শাখা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জ্বালানির মূল্য নির্ধারণ, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা এবং এসব সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান। প্রধান আলোচক ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।

আলোচনায় ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসেন বলেন, ‘জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।’

প্রধান আলোচক অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘জ্বালানি খাতের অব্যবস্থাপনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

এ সময় জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাব যুব সংসদের ১৩ দফা দাবি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনটির সদস্য নাজিফা তাজনুর। তিনি বলেন, ‘নতুন ব্যয় নয় বরং বিদ্যমান ব্যয়ের অপচয় ও লুণ্ঠন রোধ এবং সরকারের প্রতিটি পর্যায়ে ব্যয় সংকোচনই হবে সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান ক্যাম্পাসে ক্যাবের জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রমে প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া, প্রকল্প ব্যবস্থাপক মারুফা কলি ও প্রকল্প কর্মকর্তা সায়েদুল আবরার। শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন উম্মে ফাতিমা সামিয়া ও তাজ উদ্দিন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি পরিচালনা করেন ক্যাবের প্রকল্প কর্মকর্তা সায়েদুল আবরার।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থীর একটি দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞান মেলার বিভাগীয় পর্বে এ সাফল্য অর্জন করেন তারা।  এই প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন— বর্ষণ কর্মকার প্রান্ত, জাকারিয়া আলম বাপ্পী, সাদিয়াতুল কেয়া ও মিনহাজুল আবেদিন হৃদয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। জানা যায়, প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০৮টি দল অংশ নেয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাতটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দলটি তৃতীয় স্থান অর্জন করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি ছয়টি দল সেরা ৩০-এর মধ্যে স্থান করে নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।   এছাড়া বাকি ৬টি টিমই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এসময় বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়েছে। ইসলাসী বিশ্ববিদ্যালয়ের গবেষণার দলটি বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়া খুজে বের করে উপকুলীয় লবনাক্ত এলাকায় বায়োবিদ্যুত, বায়োফুয়েল ও বায়োফার্টিলাইজার তৈরির পাশাপাশি বায়োরিমিডিয়েশনের কাজ করছে বলে জানা গেছে। উল্লেখ্য, দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। আরটিভি/এসআর
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের ‘প্রজেক্ট অগ্রযাত্রা’
সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরতে সামাজিক উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাল্ট প্রাইজ ২০২৬-২৭। সংগঠনটির সামাজিক উদ্যোগ ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নিয়ে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে। উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য ছিল সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং শিক্ষার বাস্তব চিত্র অনুধাবন করা।  আয়োজকদের মতে, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে। এ বিষয়ে হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মৃন্ময় সাহা বলেন, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে তারা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরার চেষ্টা করেছেন। শিক্ষা কোনো সুযোগ নয়, বরং প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুর সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থা যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটিই তাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, একজন আয়োজক হিসেবে তাদের প্রত্যাশা, এই ছোট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। প্রতিটি শিশুর জীবনে নতুন সকাল আসুক এবং প্রতিটি স্বপ্ন বাস্তব হওয়ার সুযোগ পাক। প্রজেক্টটির হেড মো. নাজমুল হুদা বলেন, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’ তাদের কাছে শুধু একটি আয়োজন নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ একটি বাস্তবতাকে উপলব্ধি করার প্রচেষ্টা। এ উদ্যোগের মাধ্যমে তারা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ ও স্বপ্নগুলো কাছ থেকে জানতে চেয়েছেন। তিনি বলেন, একটি শিশুর ভবিষ্যৎ তার সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থার মাধ্যমে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। তারা হয়তো পরিবর্তনের সূচনা মাত্র করতে পেরেছেন, তবে তাদের প্রত্যাশা, এই ছোট পদক্ষেপ একদিন বড় সম্ভাবনার পথ তৈরি করবে। কারণ, প্রতিটি শিশুর প্রাপ্য একটি সুন্দর ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের প্রথম আলো হলো শিক্ষা। আয়োজকদের ভাষ্য, কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো বিশেষ সুযোগ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার। ‘আবেহাও’ সেই প্রত্যাশারই প্রতিফলন, যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো স্বপ্ন থেমে যাবে না। আরটিভি/এসআর
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের ‘প্রজেক্ট অগ্রযাত্রা’
শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ 
শেরপুরের পর্যটনকেন্দ্র গজনী অবকাশে ঘুরতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ৮ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে পর্যটনকেন্দ্রটির ভেতরে অস্ত্রের মুখে তাদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সহ প্রায় ৮০ জন গজনী অবকাশে ঘুরতে এসেছেন। সকালে খাবার খেয়ে ভুক্তভোগী আটজন মিলে পর্যটনকেন্দ্রটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন। এসময় দুই উপজাতি ব্যক্তি আগ্নেয়াস্ত্র, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়। একপর্যায়ে আটটি মুঠোফোন, মানিব্যাগ, নগদ টাকা, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা। ভুক্তভোগী শিক্ষার্থী রায়হান বলেন, আমরা সকালে নাশতা করে আটজন ঘুরছিলাম। হঠাৎ দুজন আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে পিস্তল দেখিয়ে আমাদের জঙ্গলের দিকে নিয়ে যান। সেখানে মাথায় পিস্তল ঠেকিয়ে আটজনের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে নেন। এরপর আমাদের সামনের দিকে দৌড়াতে বলেন। পেছনে তাকালে গুলি করার হুমকি দেন। সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসেন বলেন, আমরা সকাল আটটার দিকে গজনী অবকাশে এসেছি। আট শিক্ষার্থী ঘুরতে গেলে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। তাদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রটিতে বিপজ্জনক স্থান চিহ্নিত করে কোনো সতর্কতামূলক নির্দেশনাও নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছিল। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আরটিভি/এসআর
শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ 
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্য দিয়ে দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাঠানো এক পত্রে এ অনুমোদন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে কৃষি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়ে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। অনুমোদিত একাডেমিক কাঠামো অনুযায়ী, বর্তমানে অনুষদটির অধীনে মোট ৯টি বিভাগ রয়েছে। এগুলো হলো—অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি; ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি; প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি; মাইক্রোবায়োলজি; মেডিসিন অ্যান্ড সার্জারি; অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন; জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং; ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স এবং এগ্রিকালচারাল ইকোনমিকস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিকস। বর্তমানে অনুষদটিতে দুটি ব্যাচে মোট ৮৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে প্রথম ব্যাচের ৪৩ জন পঞ্চম বর্ষের প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় ব্যাচের ৪৪ জন চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে রয়েছেন। অনুষদটির অধীনে পাঁচ বছর মেয়াদি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি’ ডিগ্রি প্রদান করা হবে। এ ডিগ্রির মোট ক্রেডিট ২০০–২২৮। এ ছাড়া ভবিষ্যতে ভেটেরিনারি বায়োমেডিকেল ও প্রাণিসম্পদ উৎপাদনবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণার পাশাপাশি এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের উচ্চশিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে অনুষদটিতে পাঁচজন শিক্ষক ও ১০ জন কর্মচারী কর্মরত আছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও ইতিবাচক সংবাদ। অতীতের সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়ায় ইউজিসিকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এ ক্যাম্পাসের সার্বিক একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করা, যাতে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। মূল ক্যাম্পাসের পাশাপাশি সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামো, ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সালের জুন মেয়াদে একটি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণ করা হয়। পরে ২০১৯ সালে এটি ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ নামে যাত্রা শুরু করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ২০১৯–২০ ও ২০২০–২১ শিক্ষাবর্ষে সেখানে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে শিক্ষকসংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সেশনজট তৈরি হলে পরে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। একই বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অনুমোদনকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন। তাদের মতে, অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু হলে সিরাজগঞ্জ ক্যাম্পাসের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে। আরটিভি/টিআর
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন
ওভারটেক নিয়ে বিরোধ, হাতাহাতির একপর্যায়ে রিকশাচালককে চাপা দিল ট্রাক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে ট্রাকচাপায় আসাদুল (২৭) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে এক অটোরিকশাচালক অপর চালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় একটি চলন্ত ট্রাক তার বুকের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহতের নাম-পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটোরিকশা জব্দ করার জন্য আমাদের টিম কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে। নিহত আসাদুল টাঙ্গাইলের সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। আরটিভি/টিআর
ওভারটেক নিয়ে বিরোধ, হাতাহাতির একপর্যায়ে রিকশাচালককে চাপা দিল ট্রাক
আরও পড়ুন
চবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা প্রকাশ, পরীক্ষা শুরু ২ জানুয়ারি
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
চবির সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র