
ছোট ভাইয়ের মৃত্যুতে জানাজা ও দাফনে অংশ নিয়েছিলেন বড় ভাই। ছোট ভাইকে শেষ বিদায় জানিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তিনিও চলে গেলেন না ফেরার দেশে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন আ. হাকিম তালুকদার (৮০) ও তাঁর বড় ভাই আ. আজিজ তালুকদার (৮২)।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে মারা যান ছোট ভাই আ. হাকিম তালুকদার। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বড় ভাই আ. আজিজ তালুকদার। পরে ছোট ভাইয়ের দাফনেও উপস্থিত ছিলেন তিনি। দাফন শেষে বাড়িতে ফিরে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন আজিজ তালুকদার। একপর্যায়ে তার মৃত্যু হয়।
নিহত আজিজ তালুকদারের ছেলে মো. নূরুজ্জামান তালুকদার বলেন, ‘আমার বাবা ও চাচা পিঠাপিঠি বয়সের ছিলেন। তাদের মধ্যে সম্পর্কও ছিল খুবই মধুর। আমাদের বাড়িও পাশাপাশি। চাচা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।’
দুই ভাইয়ের এমন বিদায়ে গোলবুনিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের পাশাপাশি বসবাস আর গভীর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ দুই ভাইয়ের একই দিনে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শোকাহত স্বজন ও এলাকাবাসী।
আরটিভি/ এসকেডি



