
বাগেরহাটের ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬৫টিতেই বর্তমানে নেই চেয়ারম্যান কিংবা প্রশাসক। ফলে নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
ইউনিয়ন পরিষদে গিয়েও প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে আসতে হচ্ছে অনেককে। দিনের পর দিন ঘুরেও মিলছে না সমস্যার সমাধান। এতে ব্যাহত হচ্ছে তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বাগেরহাটের ৭৫টি ইউনিয়নের মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান দায়িত্ব পালন করছিলেন। বাকি ৩১টি ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে চলে যাওয়ায় সেখানে বিভিন্ন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এভাবেই চলছিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম। তবে ৩১ অক্টোবর থেকে এসব চেয়ারম্যান ও প্রশাসকদের দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর নতুন করে প্রশাসক নিয়োগ না হওয়ায় জেলার ৬৫টি ইউনিয়ন পরিষদে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সেবাগ্রহীতা মোল্লা তরিকুল ইসলাম বলেন, প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ইউনিয়ন পরিষদে গিয়েও কাজ করাতে পারছেন না। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।
একই ইউনিয়নের সেকেন্দার মোড়ল জানান, নাগরিক সনদসহ বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত প্রশাসক না থাকায় ভোগান্তি বেড়েছে।
শেখ আমজাদ আলী বলেন, জরুরি প্রয়োজনে ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা না পেয়ে ফিরে আসতে হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান চান তিনি।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সৈয়দ ওবায়দুল হোসেন বলেন, প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে গিয়ে বারবার ইউনিয়ন পরিষদে আসতে হচ্ছে। কিন্তু চেয়ারম্যান বা প্রশাসক না থাকায় কাজ সম্পন্ন হচ্ছে না।
মেহেদী হাসান জানান, সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুত প্রশাসক নিয়োগ দেওয়া প্রয়োজন।
জাহিদুর রহমান বলেন, জনপ্রতিনিধি কিংবা প্রশাসক না থাকায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
মোল্লাহাট উপজেলার দিদারুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের সেবা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
ফকিরহাটের সৈয়দ জালিস মাহমুদ বলেন, জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ জরুরি কাজে ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা না পেলে সাধারণ মানুষের জন্য তা বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
ডেমা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কে এম জুলফিকার হায়দার বলেন, চেয়ারম্যান বা প্রশাসকের অনুমোদন প্রয়োজন এমন অনেক কাজ তাদের পক্ষে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে সেবাগ্রহীতাদের অপেক্ষা করতে হচ্ছে।
কাড়াপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনও একই সমস্যার কথা জানান। তিনি বলেন, দাপ্তরিক কার্যক্রম চালু থাকলেও গুরুত্বপূর্ণ অনেক সেবা দিতে চেয়ারম্যান বা প্রশাসকের অনুমোদন প্রয়োজন হয়। দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকায় এসব কাজে সীমাবদ্ধতা তৈরি হয়েছে।
এদিকে ৬৫টি ইউনিয়ন পরিষদে প্রশাসনিক শূন্যতা ও নাগরিক সেবা ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, দ্রুত এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
দ্রুত ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু করা হোক। একইসঙ্গে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ জরুরি নাগরিক সেবা নির্বিঘ্নে পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
আরটিভি/এসএস


