
গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার বেনুপুর এলাকার একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার(১৩অক্টোবর) উপজেলার বেনুপুর এলাকায় এমন ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কবরস্থানের কয়েকটি কবর খুঁড়ে ছয়টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, এর আগেও ওই কবরস্থান থেকে একাধিকবার কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় কবরস্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারা, কী উদ্দেশ্যে কঙ্কাল চুরি করছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কঙ্কাল চুরি হয়েছে বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরটিভি/এসকে


