
পাবনার ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি করার অপরাধে বিএডিসি অনুমোদিত এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ডের আদেশ দেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম কামরুল হাসান (৪২)। তিনি ওই এলাকার মেসার্স তাইম বীজ ভাণ্ডার নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং ঈশ্বরদী বাজার এলাকার বাসিন্দা।
উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই ডিলারের কাছ থেকে একটি গাড়িতে করে ৮০ বস্তা ডিএপি সার নিয়ে চরগড়গড়ি এলাকার উদ্দেশ্যে রওনা হন চালক। তবে সার পরিবহনের সময় গাড়িটির সঙ্গে আর কেউ না থাকায় স্থানীয় লোকজন শালবাগান এলাকায় সারবোঝাই গাড়িটি আটকে দেন। স্থানীয়দের দাবি, মূলত সার পাচার হচ্ছে, এমন সন্দেহের ভিত্তিতে সারগুলো আটক করেছিলেন তারা। পরে তারা চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন সারগুলো চরগড়গড়ি এলাকার মক্কেল মৃধা ও মনিরুল নামে দুই কৃষকের। ওই দুই কৃষকের চরাঞ্চলে প্রচুর আবাদি জমি রয়েছে। জমিতে প্রয়োগের জন্যই তারা সারগুলো কিনেছিলেন। খবর পেয়ে পুলিশ ও কৃষি বিভাগ সারগুলো হেফাজতে নিয়ে ডিলার পয়েন্টে ফেরত নিয়ে যান। পরে নিয়ম না মানার অপরাধে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহল্লাড কুমার কুন্ডু, উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন ইসলাম, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, দুইজন কৃষক সার কিনে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কিছু লোকজন সারগুলো আটক করে রাখেন। ওই দুই কৃষকের অনেক আবাদি জমি রয়েছে। তারা চাষাবাদের জন্যই সারগুলো নিয়ে যাচ্ছিলেন। তবে ডিলার যথাযথ নিয়ম মেনে সার বিক্রি করেননি। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে এত পরিমাণ সার একসঙ্গে বিক্রির বিষয়টি কৃষি বিভাগকে জানানো উচিত ছিল। নিয়ম না মানায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৯২ ধারায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে সার বিক্রির অপরাধে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে ওই ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন।
আরটিভি/এমএইচজে


