
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে মেয়ের বিয়ের আর মাত্র এক সপ্তাহ বাকি। বাড়িতে চলছিল কেনাকাটাসহ নানা প্রস্তুতি। এর মধ্যেই ওমান থেকে এল বাবার মৃত্যুর খবর। স্ট্রোক করে মারা গেছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোহাম্মদ আজমির উদ্দিন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।
আজমির উদ্দিন হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। পাঁচ বছর আগে পরিবারের ভাগ্য পরিবর্তন ও সন্তানদের ভবিষ্যৎ গড়তে তিনি ওমানে পাড়ি জমান। সেখানে জেলে হিসেবে কাজ করতেন তিনি। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ওমানে থাকা প্রবাসী রাজু উদ্দিন জানান, বসে থাকা অবস্থায় হঠাৎ পড়ে যান আজমির উদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. সমির উদ্দিন জানান, আজমির উদ্দিনের বড় মেয়ে নিপা আক্তারের বিয়ে আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বাড়িতে কেনাকাটাসহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এর মধ্যে তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিঝুমদ্বীপের বাসিন্দা কেফায়েত হোসেন নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, পরিবারের চাহিদা অনুযায়ী মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


