
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নির্দেশনায় উপজেলার উত্তর কামারগাঁও পাকা ব্রিজ এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল-আমীন বাজারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
শ্রীনগর উপজেলা যুবদল নেতা মো. রানা শেখের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মাসুদ রানা, উপজেলা যুবদল নেতা আরিফুজ্জামান আরিফ, শামীম শেখ, মিরাজ, সোহেল, ওবায়দুল ইসলাম, আনোয়ার হোসেন, কাজী শাহেদ এবং শ্রীনগর উপজেলা তাঁতীদলের সদস্যসচিব নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরটিভি/এমএইচজে


