
গত ১৫ নভেম্বরের সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার জনজীবনে ফিরতে শুরু করেছে স্বাভাবিক ছন্দ। তবে পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো কাটেনি আতঙ্ক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার কোথাও নতুন করে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য। এছাড়া প্রায় ২ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি এসআরবি, এপিবিএন ও ১০ প্লাটুন আনসার সদ্যদের মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। রোববারের সহিংসতার পর সোমবার ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ।
মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের সড়কগুলোতে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে সড়কে। পাশাপাশি খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছে। ফলে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে শহরের বিভিন্ন এলাকায়। তবে সাধারণ মানুষের চলাফেরায় এখনো কিছুটা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কে বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
এর আগে, গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
দিনভর এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক পর্যায়েও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে বদলি করা হয়েছে। একই সঙ্গে বদলি করা হয়েছে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে। এ ছাড়া জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।
সব মিলিয়ে মঙ্গলবার গোপালগঞ্জের পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেকটাই শান্ত। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো রয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।
আরটিভি/এমএইচজে




