
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলো। অথচ সূর্যের দেখা নেই উত্তরের জেলা কুড়িগ্রামে। সকাল থেকেই ঘন মেঘে ঢাকা আকাশ। কনকনে ঠান্ডায় শীতবস্ত্র জড়িয়ে পথে বের হয়েছেন মানুষ। ঘন মেঘ আর কম দৃশ্যমানতায় মহাসড়কে দুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহন। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে শীতের অনুভূতি বেড়েছে পুরো জেলায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে কুড়িগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় দিনের স্বাভাবিক উষ্ণতা অনুভূত হয়নি। বিশেষ করে সকাল ও দুপুরের মাঝামাঝি সময়েও ঠান্ডার দাপট থাকায় বাইরে বের হওয়া মানুষের অনেকেই গরম কাপড় ব্যবহার করছেন। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছে বিভিন্ন যানবাহন।
রাজারহাট উপজেলা আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার এ পরিবর্তন হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা দিয়ে দ্রুত হিমেল বাতাস প্রবেশ করায় উত্তরের জেলাগুলোতে ঠান্ডার অনুভূতি বেড়েছে। পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে।
রাজারহাট উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, ‘আজ কুড়িগ্রামে তাপমাত্রা স্বাভাবিক ১৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে ঠান্ডার অনুভূতি বেড়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।’
তিনি আরও বলেন, আবহাওয়ার এ অবস্থা দ্রুত কেটে যাবে। পরে আকাশের পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় স্বাভাবিক কর্মজীবনেও এর প্রভাব পড়েছে। শ্রমজীবী মানুষকে শীতবস্ত্র জড়িয়ে কাজে যেতে দেখা গেছে। রাস্তায় যানবাহন চলাচল করলেও অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা যায়।
হঠাৎ এমন আবহাওয়ায় শীতের আমেজ ফিরে আসায় অনেকের মধ্যে স্বস্তি থাকলেও নিম্ন আয়ের মানুষের কাছে ঠান্ডা হয়ে উঠেছে বাড়তি ভোগান্তির কারণ।
আরটিভি/এসএস/এমএইচজে


