
ভারতে দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামালপুরের মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান নামে তিন যুবক।
আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে পৌঁছেছেন তারা।
ওই তিন যুবকের পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যেতে ২০২১ সালে দেশ ছাড়েন জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পক্ষীমারী গ্রামের সোনা মন্ডলের ছেলে মেহেদী হাসান (২০), জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (১৯) ও রেজাউল করিমের ছেলে শাওন হাসান (১৮)। কিন্তু দালালের প্রতারণার কারণে দক্ষিণ আফ্রিকাতে পৌঁছার আগেই ১০ আগস্ট দিল্লি বিমানবন্দরে আটক হন তারা। আটকের পর তাদের নামে মামলা করা হয়। ওই মামলায় ২০২১ সালের অক্টোবর মাসে ৮ বছরের জেল হয় ওই তিন যুবকের। পরে তাদের ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে পাঠানো হয়। ভারতের জেলে থাকার খবরটি জানাজানি হলে ওই তিন যুবকের পরিবার তাদের মুক্তির জন্য আইনি লড়াই চালাতে থাকেন। আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ৫ বছর ২ মাস কারাভোগের পর গত ১৩ নভেম্বর লখনৌ কারাগার থেকে মুক্তি পান শাওন হাসান , মমিন মিয়া ও মেহেদী হাসান। কারাগার থেকে মুক্তিলাভের পর মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তারা দেশে পৌঁছান।
ভুক্তভোগী শাওনের বাবা রেজাউল করিম বলেন, দীর্ঘ কারাভোগের পর আমার ছেলেসহ ৩ জন আজ দেশে ফিরেছেন। ইতোমধ্যে তারা বেনাপোল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের ফেরার খবরে অপেক্ষার প্রহর গুণছেন পরিবারসহ তাদের স্বজনরা। সেই সাথে তিন পরিবারেই চলছে খুশির আমেজ।
বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
আরটিভি/এমএইচজে



