
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
বুধবার (১৮ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি টহল দল মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), রাজশাহীর গোদাগাড়ীর শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামিম (২৩) ও রসুলপুর গ্রামের আব্দুর করিম (২১) রয়েছেন।
এ ছাড়াও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪), রাজশাহীর গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাবদুল বিশেষতুলা গ্রামের রুবেল (৩০) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাতাহারি গ্রামের মেসবাউল (২০) আটক হয়েছেন।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শেরপুরের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আরটিভি/এসএস


