
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে হামলার শিকার হয়েছেন আবু আলম নামে পুলিশের এক পরিদর্শক। বিক্ষোভকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত আবু আলম বরগুনা পুলিশ লাইনে কর্মরত। সেখান থেকে এসে তিনি কাশিয়ানীতে টহলের দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে গেলে বিক্ষোভকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরটিভি/এসএস



