
চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ লাইনের সামনে সড়কে গাড়ি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাবার খেয়ে ফিরে এসে দেখেন, তাদের পিকআপ ভ্যানটি উধাও। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। একপর্যায়ে তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। এ সুযোগে এক ব্যক্তি পিকআপ ভ্যানে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যান।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার সিঙ্গেল ডেকার একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, একজন চোর গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। আমরা চোরকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি।’
এদিকে, প্রকাশ্য দিবালোকে পুলিশ সদস্যদের ব্যবহৃত গাড়ি চুরির ঘটনায় নগর পুলিশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া পিকআপ ভ্যানটি উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
আরটিভি/এসকে


