
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে তাদের খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের উপর থেকে বোমা মারছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর কাজীর দেউড়ি নিউ মার্কেট মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তিনি এই মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
তিনি বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামী লীগ। ২০২৪ সালের জুলাই আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে অনুশোচনা নেই।
এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরীর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে আছি। এ শান্তির মিছিল নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে



