
ভুয়া কাবিননামা ও তালাকনামা তৈরির মামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের কথিত কাজি রাফিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) শেরপুরের একটি আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শ্রীবরদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাফিউল ইসলাম চককাউরিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি বিবাহ ও তালাক নিবন্ধন বহি জাল ছাপিয়ে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ রয়েছে, শেরপুর পৌরসভার বাগরাকসা এলাকার বাসিন্দা ও দুই সন্তানের জনক আল-আমিন খান প্রতারণার আশ্রয় নিয়ে অন্যের স্ত্রী (দুই সন্তানের জননী) এক নারীকে জাল কাবিননামার মাধ্যমে বিয়ে করেন এবং পরবর্তীতে ভুয়া তালাকনামা দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও সিআর আমলি আদালতে মামলা করেন।
পরে আদালতের নির্দেশে পিবিআই শেরপুর ও সদর থানা পুলিশ সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং আদালতে প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত মূল অভিযুক্ত আল-আমিন খানকে কারাগারে পাঠান এবং কথিত কাজি রাফিউল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, রাফিউল ইসলামের জালিয়াতির বিষয়ে এর আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছিল। শ্রীবরদী সাব-রেজিস্ট্রার ২০২৩ সালের ৯ নভেম্বর (স্মারক নং-৪২৮/৮) জাল প্যানেল প্রস্তুতের বিষয়ে এবং জেলা রেজিস্ট্রার ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর তার জাল বালাম বহি জব্দের পর আইন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠান।
বর্তমানে ৪নং তাতিহাটি ইউনিয়নে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম সচল রাখতে সরকার শ্রীবরদী ইউনিয়নের কাজী আবু তাহেরকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে এবং তিনিই সেখানে নিয়মিত দায়িত্ব পালন করছেন।
আরটিভি/এমএইচজে



